ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহার কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দেশে ফিরতে শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো নিয়ে সৃষ্ট আলোচনার মধ্যে ভারতের এ বক্তব্য এলো।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র–জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। এর মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছে। খবর বিডিনিউজের।
গতকালের ব্রিফিংয়ে এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান অন্তত চারজন সাংবাদিক। তাদের প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভ্রমণ নথির বিষয়ে বলেন, এটি একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন বলে মন্তব্য করেন জয়সওয়াল।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন আসে। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই। তারেক রহমানের ভারত সফর বা এ বিষয়ে আলোচনার কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই।












