বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন পাকিস্তানের টিভি উপস্থাপিকা, স্বামী আটক

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এক নারী সংবাদ উপস্থাপিকার গুলিবিদ্ধ দেহ। নাম রাবিয়া আহসান (৪১)। রোববার বিকেলের এ ঘটনায় জড়িত সন্দেহে রাবিয়ার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। খবর বিডিনিউজের।

রওয়ালপিন্ডি সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুখেরা সাংবাদিকদের জানান, রাবিয়া আহসানকে আদিয়ালা রোডে তার নিজ বাড়ির শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়। তার ঘাড়ের নিচে গুলির আঘাত ছিল। দুই কন্যাসন্তানের মা রাবিয়া পাকিস্তানের ‘৯২ নিউজ’ চ্যানেলে কাজ করতেন। তার স্বামী আহসান তাহির ‘ওভারসিজ পাকিস্তানিস ফাউন্ডেশন’–এর (ওপিএফ) ডেপুটি ডিরেক্টর পদে কাজ করছেন। সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়া এফআইআর–এর প্রতিলিপি অনুযায়ী, রোববার বিকাল ৩টা নাগাদ নিজের শোয়ার ঘরেই গুলিবিদ্ধ হন রাবিয়া। তার মা এবং বোন ওই বাড়িতেই ছিলেন। ঘটনার সময়ে তারা বাড়ির সামনের লনে ছিলেন। গুলির শব্দ শুনেই রাবিয়ার বোন আলউইনা ছুটে শোয়ার ঘরে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রাবিয়া এবং তার স্বামী তাহিরের হাতে ধরা রয়েছে পিস্তল।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর স্বামী আহসান তাহির তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাহিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক।

তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যেই পুলিশ কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরীক্ষা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচীনে ভবনে আগুন লেগে মারা গেছে ১৪ জন
পরবর্তী নিবন্ধস্বর্গে যেতে চান ট্রাম্প : তাই বলে শত্রুদের কখনো ক্ষমা করবেন না