জন্ম হয়েছে মানুষ হয়ে, মৃত্যুর আগেই কি মনুষ্যত্ব ও মানবিকতা কবরে পাঠিয়ে দিয়েছে বেশির ভাগ মানুষ? একটি ঘটনা, কিছু প্রশ্ন, আর আমাদের মৃতপ্রায় অসুস্থ ঘুমন্ত বিবেকের জেগে ওঠার প্রত্যাশায় আমার এ লেখা! এতো এতো মানুষের ভিড়ে, সৃষ্টির সেরা জীবের। সাধারণ, স্বাভাবিক গুণাবলী, যা জন্মসূত্রে একজন মানুষ এমনিতেই ধারণ করে নিজের ভেতর সে মানবিক দৃষ্টি আজ কোথায় বিলুপ্ত হয়ে গেছে? মেট্রোরেলের ছুটে চলা আধুনিক সভ্যতার বুকে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লেন। সংবাদে প্রকাশ, অসুস্থ বোধ করায় এবং স্ট্রোকের পরও তিনি অনেকবার বসতে চেয়েও, আসন পাননি! ধীরে ধীরে সবার সামনেই তাঁর মৃত্যু হলো! সংবাদটি আমাদের বিবেকের দরজায় কড়া নেড়ে কি প্রশ্ন রাখেনি, অন্যের অসহায়ত্ব, বিপন্নতা কি আমাদের হৃদয়কে একবারও স্পর্শ করে না?
একটি আসন, সামান্য একটু বসার জায়গা অথচ, কখনো কখনো এর মূল্য কত দুর্লভ, অসীম! একবার ভাবুন, অসুস্থ মানুষটির জায়গায় যদি আপনার বাবা, ভাই কিংবা প্রিয় কোনো মানুষ থাকতেন, তখন কি চারপাশের মানুষের নির্বিকার থাকা মেনে নিতে পারতেন? মৃত্যু হয়তো নির্ধারিত ছিল শেষ বিদায়ে হতভাগ্য উনি কোনো আপনজন কাছে পাননি কিন্তু দেখলেন মানুষ নামে কতগুলো মায়াদয়াহীন দানবদের ভয়ংকর রূপ। আমরা আধুনিক সভ্যতার গর্ব করি, উন্নয়নের গল্প বলি। অথচ মানুষের জন্য মানুষের হৃদয়টুকু যদি না থাকে, তবে সেই সভ্যতার অর্জনের পূর্ণতা কোথায়? পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, ‘আর যে কারও প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।’
ধর্ম আমাদের দয়া, সহানুভূতির শিক্ষা দেয়। সাহিত্য শেখায় হৃদয় দিয়ে অনুভব করতে, আর জীবন প্রতিদিন আমাদের সুযোগ দেয় সেই শিক্ষার প্রতিফলন ঘটানোর। মানবিকতার জন্য বড় কোনো পরিচয়ের, শিক্ষার, সম্পদের প্রয়োজন হয় না। শুধু একটি জাগ্রত বিবেক আর অনুভব করতে পারা একটি শুভ্র হৃদয় থাকাটাই যথেষ্ট! আসুন, অসুস্থ কাউকে দেখলে সহযোগিতা, সেবা পাবার ব্যবস্থা করে দেবার চেষ্টা করি, বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, প্রয়োজনে জরুরি সেবা ডাকি। অন্যের অসহায়ত্বে মুখ ফিরিয়ে না নিয়ে একবার ভাবি, আমার সামান্য সাহায্যে হয়তো একজন মানুষ উপকৃত হতে পারেন।
পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা হয়তো আমাদের সবার নেই, কিন্তু একজন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর পৃথিবীটাকে একটু বদলে দেওয়ার ক্ষমতা আমাদের অনেকেরই আছে। মানুষের ভিড়ে শুধু অহেতুক, অকারণে আরেকটি মুখ হয়ে নয়, কারও দুঃসময়ে একটু আশ্রয় হয়ে বাঁচি। কারণ, প্রকৃত সভ্যতা শুধু উন্নত অবকাঠামোয় নয়, মানুষের প্রতি মানুষের মমতায়, স্নেহে, শ্রদ্ধায়, ভালোবাসায় পূর্ণতা পায়! অন্যের অসহায়ত্ব কি আমাদের হৃদয়ে একটুও মমতা জাগিয়ে তুলতে পারে না?












