কন্যাসন্তান : অভিশাপ নয়, আল্লাহর পক্ষ থেকে এক রহমত

চাঁদ সুলতানা নকশী | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

একটি মেয়ে কখনো কারও জীবনে অভিশাপ হয়ে আসে না। বরং প্রতিটি কন্যাসন্তান তার বাবা–মায়ের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমত, এক টুকরো জান্নাতের অনুভূতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কন্যাসন্তানের জন্মকে তাঁর দানের অংশ হিসেবে উল্লেখ করেছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কন্যাসন্তানদের প্রতি সদয় আচরণ, তাদের সঠিকভাবে লালন–পালন এবং উত্তম শিক্ষা–দীক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। হাদিসে কন্যাসন্তানদের সুন্দরভাবে প্রতিপালন করাকে জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। অথচ আজ আমাদের সমাজের বাস্তবতার দিকে তাকালে হৃদয় ভেঙে যায়। যে মেয়েটি একসময় বাবার রাজকন্যা হয়ে বেড়ে ওঠে, বাবার আঙুল ধরে পৃথিবী চিনতে শেখে, বাবার বুকে মাথা রেখে নিরাপত্তা খুঁজে পায়–সেই মেয়েটিই একদিন বিয়ের পর অন্য একটি পরিবারে গিয়ে কতটা অসহায় হয়ে পড়ে! কখনো যৌতুকের জন্য নির্যাতিত হয়, কখনো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, কখনো স্বামীর সংসারে নিজের সম্মানটুকু রক্ষা করতে পারে না। কখনো দিনের পর দিন অপমান, অবহেলা আর অসহনীয় যন্ত্রণা সহ্য করে যায়। আর কখনো সেই নির্যাতনের শেষ পরিণতি হয় তার নির্মম মৃত্যু। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, কোনো কোনো মেয়েকে মৃত্যুর মধ্য দিয়ে যেন প্রমাণ করে যেতে হয়–সে তার বাবার কতটা আদরের ছিল, কতটা ভালোবাসার ছিল, কতটা মূল্যবান ছিল তার পরিবারের কাছে! কেন এমন হবে? যে মেয়েটিকে বাবা–মা এত যত্নে বড় করেন, যার মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের সমস্ত সাধ–আহ্লাদ বিসর্জন দেন, সেই মেয়েটিকেই কেন অন্যের সংসারে গিয়ে নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হবে? কেন তাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে যে সেও একজন মানুষ, তারও অনুভূতি আছে, আত্মসম্মান আছে, বেঁচে থাকার অধিকার আছে?

ধর্ম যেখানে কন্যাসন্তানকে সম্মান করতে শেখায়, সেখানে আমাদের সমাজের কিছু মানুষের কাছে মেয়েরা কেন আজও বোঝা? যে ইসলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে, সেই ইসলামের নাম ব্যবহার করেই কেন কোথাও কোথাও নারীর ওপর অন্যায়–অবিচার করা হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে আজ এই প্রশ্নগুলো আরও বেশি প্রাসঙ্গিক। একটি মেয়ে জন্মের পর থেকে বাবার বাড়িতে আদর–যত্নে বড় হয়, অথচ বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে তাকে কেন এত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়? কেন তার নিরাপত্তা, সম্মান ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটুকুও অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে? মেয়ে হয়ে জন্মানো কি সত্যিই এত বড় অপরাধ? নাকি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি, মানসিকতা এবং মূল্যবোধের কোথাও ভয়াবহ অবক্ষয় ঘটেছে? মেয়েরা জান্নাতের পথ হতে পারে, কিন্তু কোনো মেয়েকে নির্যাতন করে, তার স্বপ্ন ভেঙে দিয়ে, তার জীবন কেড়ে নিয়ে সেই জান্নাতের পথ কখনো তৈরি হয় না। একটি মেয়েকে শুধু জন্ম দেওয়াই নয়, তাকে সম্মান করতে শিখুন। তার অনুভূতিকে মূল্য দিন, তার নিরাপত্তা নিশ্চিত করুন। মনে রাখবেন, আপনার ঘরের মেয়েটিও অন্য কারও ঘরের রাজকন্যা। কন্যাসন্তান অভিশাপ নয়, রহমত। আর যে সমাজ কন্যাসন্তানের মর্যাদা দিতে জানে না, অভিশাপ সেই সমাজের সংকীর্ণ মানসিকতার।

আমাদের মেয়েরা বেঁচে থাকুক সম্মান নিয়ে, নিরাপদে, মাথা উঁচু করে। কোনো বাবাকে যেন আর তাঁর রাজকন্যার নিথর দেহের সামনে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে না হয়-‘আমার মেয়েটা বড্ড আদরের ছিল!’

পূর্ববর্তী নিবন্ধ৮০ ও ৯০ দশকের স্বনামধন্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সৈয়দ আকতার হোসেন
পরবর্তী নিবন্ধহে নারী, চেক আপ করিয়ে নিন বয়স যখন চল্লিশোর্ধ্ব, হে ব্লাড প্রেসারের রোগী জটিলতা থেকে সাবধান হোন