শিল্পী প্রফেসর সবিহ্‌ উল আলম ও চট্টগ্রাম কলেজের পুরানো ফটক

রশীদ এনাম | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

শিল্পী প্রফেসর সবিহ্‌ উল আলম স্যারকে দেখেছি একজন শিক্ষক, প্রকৃতিপ্রেমী, কখনো শিশুপ্রেমী, শিল্পী, গায়ক, মডেল, একজন মানব সেবক হিসেবে। তাঁর জন্ম ৮নভেম্বর ১৯৪০ সালে পটিয়া চট্টগ্রামে। বাবা ছিলেন তৎকালীন পটিয়ার সাব–রেজিস্ট্রার ও পটিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক–কথাশিল্পী মাহাবুব্‌ উল আলম, মাতা রাহেলা খাতুন, স্ত্রী প্রয়াত সেলিমা সবিহ্‌ (টইটম্বুরের প্রতিষ্ঠাতা সম্পাদক)। সবিহ্‌ উল আলম বাবার চাকুরির সুবাদে ৬ বৎসর বয়স পর্যন্ত পটিয়ায় অতিবাহিত করেন। তাঁদের আদি নিবাস হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামে।

গুণী মানুষটির কিছু উক্তির কথা না বললে নয়, “দুঃখ শেয়ার করলে নাকি দুঃখ কমে, আনন্দ শেয়ার করলে আনন্দ বাড়ে”। তিনি সবসময় বলেন, মানুষের জীবনে তিনটি দন্তস্য প্রয়োজন, স–সময়, স–স্বাস্থ্য, স–সামর্থ্য তিনটি একসাথে থাকলে মানুষের জীবনটা পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। তিনি আমাদের শিখিয়েছেন, পরিবেশকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে রক্ষা করতে হয়। তিনি বলেন, আসলে আমরা প্রত্যেকে নিজেকে খুব ভালবাসি। আমাদের চারপাশে আলো, বায়ু, পানি, মাটি, প্রাণী বনরাজি যাদেরকে নিয়ে আমাদের চারপাশের এই পরিবেশ রচিত, তারাই আমাদের সেবক সবচেয়ে প্রিয় বন্ধু। এই সেবক বন্ধুদের সেবার বিনিময়ে আমরা হয়তো কিছুই দিতে পারছি না, কিন্তু কতটুকু ভালবাসি তাদের? চল এবার তাদের ভালবেসে বরণ করে নিই, শপথ করি, প্রকৃতিকে চটাবো না। আলো, পানি বায়ু, মাটিকে দূষিত করব না। বনরাজি কেটে উজাড় করবো না। নির্বিচারে পশুপাখি হত্যা করবো না। যারা আমাদের অষ্টপ্রহর সেবা করে চলেছে আমরা তাদের ভালোবসাবো।

শিল্পী সবিহ্‌ উল আলম ১৯৫৭ সালে চট্টগ্রাম কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৫৯ সালে নাইট কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে এশিয়া ফাউন্ডেশন থেকে বৃত্তি নিয়ে তিনি লাহোড় আর্ট কলেজ থেকে শিল্প ও নকশায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি নিজেকে শিল্প ও নকশা পেশায় নিয়োজিত করেন। এসএমই ফাউন্ডেশনের স্পিকার হিসেবেও তিনি নিয়মিত ক্লাশ নেন।

১৯৭১ সালে যে ক’জন শিল্পী পাকবাহিনীদের বিরুদ্ধে ছবি আঁকার মাধ্যেমে প্রতিবাদ করেন তাঁদের মধ্যে অন্যতম শিল্পী সবিহ্‌ উল আলম। ছয়জন শিল্পীর ১০৪ ফিট লম্বা আঁকা ছবির নাম ছিল আবহমান বাংলা ও বাঙালি । সেসময় পাকিস্তান বিরোধী ছবিটি বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শিল্পী সবিহ্‌ উল আলম বাংলাদেশে প্রথম, চট্টগ্রামে শিশুদের প্রবণতা নির্ধারণী ইশকুল প্রতিষ্ঠা করেন। ফুলকি প্রতিষ্ঠার পেছনেও তাঁর বেশ অবদান রয়েছে। তিনি ফুলকির প্রতিষ্ঠাতা সদস্য। শিল্পী সবিহ্‌ উল আলমকে বিজ্ঞাপনচিত্রের একজন মডেল হিসেবেও আমরা দেখি। তিনি স্টার শিপ কনডেন্সড মিল্ক, পন্ডস ক্রিম, হোয়াইট প্লাস টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেন। তিনি বাংলাদেশের রপ্তানি মেলা পরিকল্পনা ও প্রচারের প্রতিকৃৎ। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মাননীয় কচু, রফিক আনোয়ারের সন্ধানে, পিঁপড়ে নেকলেস ও অন্যান্য গল্প, নিমিত্ত মাত্র, নুজমার গপ্পো, লেখা থেকে রেখা, ইসলামিক ক্যালিওগ্রাফি, পিকনিক, কারুকাজের যাদুকর ইত্যাদি বই বেশ পাঠক নন্দিত হয়। ফেনীর বল্লবপুরে জোসনে আরা কাশেম মসজিদ এবং নোয়াখালী বাইতুশ শরিফ মসজিদের নকশা সবিহ্‌ উল আলমের হাতে গড়া।

একদা শিল্পী জয়নুল আবেদিন চট্টগ্রামে বেড়াতে গেলে প্রফেসর শিল্পী সবিহ্‌ উল আলমকে পরামর্শ দেন, চট্টগ্রামে যাতে একটা আর্ট ইনস্টিটিউট করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা রেখেছিলেন শিল্পী সবিহ্‌ উল আলম। ১৯৭৬ সালে তাঁর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে চট্টগ্রাম চারুকলা কলেজ প্রতিষ্ঠা করেন। সবিহ্‌ উল আলম ছিলেন চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

চট্টগ্রাম সরকারী কলেজের সবচেয়ে দৃষ্টিনন্দন ছিল মূল ফটকের ইংরেজি আদ্যক্ষর ‘এ’ এবং ‘কে’ এর আদলে তৈরি পুরোনো ফটকটি। AK (Acquired Knowledge) নকশাও চিত্রশিল্পী প্রফেসর সবিহ্‌ উল আলমের করা। ১৯৬৫ সালে চট্টগ্রাম কলেজের অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ (ইংরেজি বিভাগ) শিল্পী সবিহ্‌ উল আলমকে ডেকে বলেন, চট্টগ্রাম কলেজের জন্য যাতে একটা ফটকের নকশা করেন যা অর্থবহ হতে হবে। শিল্পী সবিহ্‌ উল আলম মনের মাধুরী মিশিয়ে AK (Acquired Knowledge) আকৃতির একটি নকশা করেন। অধ্যক্ষ সাহেবের খুব পছন্দ হয়। ফটকটি ১৯৬৫ সালে স্থাপিত হয়।

শিল্পী সবিহ্‌ উল আলম বলেন, “নকশাটি যখন করছিলাম বার বার মনে পড়ছিল সুন্দর রেইনট্রিগুলোর কথা। গাছগুলোকে যে করে হোক বাঁচাতে হবে। গাছগুলো বাঁচাতে গিয়ে নকশাটি কিছুটা ছোট করে ফেলি। বর্ষিয়ান বৃক্ষগুলোতে পাখি আসে, গাছের ফুল পাতা ছায়া এবং অক্সিজেন সবকিছুর কথা ভেবে নকশাটি করেছি”। বাংলাদেশে যত শতবর্ষী কলেজের ফটক রয়েছে তন্মধ্যে এটি বেশ নান্দনিক। পুরোনো ফটকটি নিয়ে কথা বলেছিলাম, ১৯৬৮(ব্যাচ) চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত সরকারি হিসাবরক্ষণ কর্মকর্তা ও বাংলাদেশ বেতারের বাচিক শিল্পী সাইফুদ্দিন খালেদ চৌধুরীর সাথে। তিনি বলেন, “দৃষ্টিনন্দন ফটকটি চট্টগ্রাম কলেজের একটি ঐতিহ্য ছিল। এতো সুন্দর ফটক বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে কিনা সন্দেহ আছে। অযাচিত ভিত্তিহীন একটা কথা বলে ফটকটি ভেঙ্গে ফেলা উচিত হয়নি।”

২০১৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) দৃষ্টিনন্দন ফটকটি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের নামে করা হয়েছে বলে ফটকটি ভেঙ্গে ফেলে। ১৯৬৫ সালে নির্মিত একজন গুণী শিল্পীর নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন ফটকটি ভেঙ্গে রাতারাতি নতুন ফটক স্থাপন করা হয়েছে। সবিহ্‌ উল আলমের মতো একজন দেশবরেণ্য শিল্পীর নকশাকে ভেঙ্গে অবমাননা করা হয়েছে। এবং এটি গর্হিত অপরাধ এবং দৃষ্টিকটুও বটে । ফটকটি ভাঙ্গার পূর্বে শিল্পীর সাথে কথা বলা উচিত ছিল। কোন সুস্পষ্ট তথ্য ছাড়া ৪৮ বছর পরে এসে কলেজের নান্দনিক ফটকটিকে ধ্বংস করা হয়, এটা গর্হিত অপরাধ নয় কি ?

বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পীর অগ্রদূত শিল্পী সবিহ্‌ উল আলমের মূল প্রবণতা ছিল প্রকৃতি, শিশু এবং বিহঙ্গ ও প্রাণি। তাঁর তুলিতে ফুটে উঠত শিশুরা বনের পশুপাখির সাথে খেলছে। শিশুর চোখেমুখে রাজ্যের আনন্দ। একজন শিল্পীর শিশুভাবনা সত্যি অভিভূত করে।

শিল্পী সবিহ্‌ উল আলমের নিজ হাতে করা চট্টগ্রাম কলেজের পুরোনো ফটকটি পুনঃনির্মাণ করার জন্য চট্টগ্রাম সিটি মেয়র মহোদয় ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিকট সবিনয় নিবেদন করছি। শিল্পী সবিহ্‌ উল আলমের ৮৬তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

পূর্ববর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল
পরবর্তী নিবন্ধপ্যাট্রি সিও গুজমান : অগ্নিগর্ভ চলচ্চিত্রকার