প্যাট্রি সিও গুজমান : অগ্নিগর্ভ চলচ্চিত্রকার

শৈবাল চৌধূরী | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বচলচ্চিত্রে দক্ষিণ বা লাতিন আমেরিকার চলচ্চিত্রকে ‘অগ্নিগর্ভের চলচ্চিত্র’ অভিধায় আখ্যায়িত করা হয়। এই মহাদেশের দেশগুলি কয়েক শতক ধরে ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়ে অমানবিক অত্যাচার, নির্যাতন, হত্যা, লুন্ঠন, ধর্ষণের অভয়রান্যে রূপান্তরিত হয়েছিল। খনিজ সম্পদে সমৃদ্ধ ও শস্য উৎপাদনে উর্বর এই মহাদেশটি বরাবরই ভূমিদস্যু জাতির লোলুপ দৃষ্টিতে ছিল। জবর দখলের পর ইউরোপীয় দেশগুলি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ফাঁদ পেতে মানুষ ধরে এনে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ক্রীতদাস বানিয়ে কফি, কোকো, ইক্ষু চাষাবাদে জোরপূর্বক নিয়োজিত করে। অবিরাম শোষণের শেষে দেশগুলিকে চাঁছাছোলা করে গৃহযুদ্ধ বাধিয়ে দিয়ে স্বাধীনতা প্রদানের নামে পুতুল সরকার বসিয়ে ইউরাপীয়রা পাততাড়ি গুটিয়ে নিয়েছে। কিন্তু পুতুল সরকারগুলি যারা প্রায় সকলেই সামরিক স্বৈরাচার, পূর্ববর্তী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অবিকল অনুসরণে দমন পীড়ন অব্যাহত রাখে। এর সঙ্গে যুক্ত হয় দুর্নীতি, অর্থপাচার, ক্ষমতার লালসা। ইউরোপীয়দের বিদায়ের পর লাতিন আমেরিকার ঘাড়ে সওয়ার হয় মার্কিন সাম্রাজ্যবাদ। এই অপদেবতার দোসর হয়ে আবির্ভূত হয় স্থানীয় সামরিক শাহী।

বিংশ শতাব্দীর প্রায় শুরু থেকে মার্কিন সাম্রাজ্যবাদ পুরো দক্ষিণ আমেরিকাকে তাদের উপনিবেশ হিসেবে ভাবতে শুরু করে এবং দেশে দেশে গণতন্ত্র হরণ করে অমানবিক অত্যাচারের মাধ্যমে সমগ্র ভূখন্ডকে আরাজকতার লীলাক্ষেত্রে পরিণত করে। গুম, খুন, জখম, ধর্ষণ, গ্রেপ্তার, ছিনতাই এসব হয়ে ওঠে অতি সাধারণ নিত্য নৈমিত্তিক ঘটনা। হাবিয়া দোজখ বা রৌরব নরকে পরিণত হয় দক্ষিণ প্রান্তীয় মহাদেশটি।

স্বভাবতই প্রতিবাদী হয়ে ওঠেন সংবেদনশীল ও সচেতন মানুষেরা। যাদের মধ্যে ছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকর্মী, চলচ্চিত্রকর্মী, প্রগতিশীল রাজনীতিক ও রাজনীতিকর্মী এবং শ্রমজীবী সাধারণ মানুষ। চিলি, বলিভিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা, এল সালভাদোর, উরুগুয়ে, ব্রাজিল এই সাতটি দেশের ওপর মার্কিনি স্টিম রোলার চলেছে বেশি। সামরিক জান্তাবেশি মার্কিনি পুতুল সরকার এসব দেশের সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদী শিল্পী সাহিত্যিক, চলচ্চিত্রকারদের হত্যা করেছে অকাতরে। কেউ কেউ পালিয়ে বেঁচেছেন। আমরা আজ কথা বলবো, সম্প্রতি প্রয়াত চিলির নমস্য চলচ্চিত্রকার প্যাট্রিসিও গুজমানকে নিয়ে। তিনি গত ১৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন ফ্রান্সের প্যারিসে। তাঁর মৃত্যুর স্থানটি খেয়াল করুন প্রিয়পাঠক।

পৃথিবীর দক্ষিণ প্রান্তীয় মহাদেশটিতে দেশে দেশে দশকের পর দশক ধরে চলেছে প্রগতিশীল চলচ্চিত্রের আন্দোলন ও নির্মাণ প্রকাশ্যে গোপনে, প্রত্যক্ষে–পরোক্ষ, স্বভূঁয়ে–বির্ভূয়ে। প্রথমেই আসে চিলির কথা। আর সেই সঙ্গে উজ্জ্বল নক্ষত্রের মতো উঠে আসেন মিগুয়েল লিত্তিন নামের একজন তেজস্বী ও সাহসী চলচ্চিত্র সৈনিক। তাঁর দেখানো পথরেখার অনুসরণে এগিয়ে আসেন একের পর এক গেরিলা চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী কলাকুশলী। সিনেমা হলে তাঁদের ছবি দেখানোর সুযোগ না পেয়ে তাঁরা বিকল্প পদ্ধতিতে নিজস্ব উদ্যোগ তাঁদের সিনেমাগুলো গেরিলা পদ্ধতিতে দেখানো শুরু করেন এবং এভাবে পৌঁছে যান আমজনতার কাছে। স্বভাবতই সামরিক জান্তা সরকারের চক্ষুশূল হয়ে ওঠেন তাঁরা এবং গুম খুন নির্যাতনের শিকার হন। দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে নিখোঁজ শতাধিক চলচ্চিত্র নির্মাতা শিল্পী কলাকুশলীর মধ্যে কেবল চিলিতেই নিখোঁজ অর্ধশতাধিক। রাজধানী সান্তিয়াগোর বড় স্টেডিয়ামটিকে বধ্যভূমিতো রূপান্তর করেছিল জান্তা অগাস্তো পিনোচেতের সর্বগ্রাসী সামরিক পুতুল সরকার। পুতুলের সুযোত এখনকার মতো বাঁধা ছিল সুদূর ওয়াশিংটন ডিসিতে। নির্বাচিত রাষ্ট্রপতি সালভাদর আলেন্দেকে নির্মমভাবে হত্যার পর (১১ সেপ্টেম্বর ১৯৭৩) জেনারেল পিনোচেতের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং চিলির সামগ্রিক অবনতি ঘটে। পিনোচেতের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয় চলচ্চিত্র। বন্দী হন চিত্রনির্মাতা ও শিল্পী কলাকুশলীদের প্রায় সকলেই এবং এঁদের মধ্যে বেছে বেছে অনেককে খুন ও গুম করা হয় এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এদের অনেকেই ভিন্ন দেশে পালিয়ে যান, কেউ কেউ চলে যান আত্মগোপনে। তবে তাঁরা অবসরে থাকেননি। গেরিলা পদ্ধতিতে নামে–বেনামে চলচ্চিত্রকর্ম অব্যাহত রাখেন। ফলে চিলি এবং পুরো লাতিন আমেরিকার চলচ্চিত্র পরিণত হয় ‘অগ্নিগর্ভের চলচ্চিত্রে’ যা সারা বিশ্বের কাছে প্রতিবাদী চলচ্চিত্রের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। ইউরোপের বেশ কয়েকজন প্রগতিশীল চলচ্চিত্রকারও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ছদ্মবেশে চলচ্চিত্রকর্মে অংশগ্রহণ করতে থাকেন। এঁদের মধ্যে অন্যতম জার্মান চলচ্চত্রিকার পিটার লিলিয়ানথাল। তিনি নিকারাগুয়ায় গিয়ে গোপনে ধারণ করেন নির্যাতনের মর্মন্তুদ দৃশ্যাবলী এবং নির্মাণ করেন তাঁর দুনিয়া কাঁপানো চলচ্চিত্র ‘পিচ প্রিভেইলস এভরিহোয়ার’ ছবিটি পুরো মহাদেশে নিষিদ্ধ হয়। কিন্তু প্রদর্শিত হয় পুরো ইউরোপ জুড়ে। বাংলাদেশে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ছবিটি দেখানো হয় ঢাকা ও চট্টগ্রামে। তেমনি চিলির আরেকটি দুনিয়া কাঁপানো চলচ্চিত্র ‘দি জ্যাকল অব নাহুয়ালতেরো” পরিচালক–মিগুয়েল লিত্তিন।

মিগুয়েল লিত্তিনের সার্থক অনুগামী ও সতীর্থ প্যাট্রিসিও গুজমান লোজানেস (PATRICIO GUZMAN LOZANES) তিনি ছিলেন সব্যসাচী চলচ্চিত্রকার, প্রামাণ্যচলচ্চিত্র ও কাহিনীচিত্র উভয় নির্মাণে সমান সিদ্ধহস্ত ছিলেন অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার। নিজের ছবি ছাড়াও অন্যদের ছবিতেও অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন এবং চিত্রনাট্য রচনা করেছে সমান্তরালে। তাঁর প্রতিনিধিত্বশীল চলচ্চিত্র তিন পর্বে নির্মিত ‘দি ব্যার্টল অব চিলি (১,২,৩; ১৯৭৫, ১৯৭ ও ১৯৭)।’ দুঃসাহসিক এই ট্রিলজিতে তিনি সামরিক অভ্যুত্থান, আলেন্দে হত্যা এবং তৎপরবর্তী নির্মম হত্যাযজ্ঞ ও নির্যাতন, জনগণের প্রতিবাদ ও প্রতিরোধের প্রচেষ্টার চিত্র সিনেমা ভেরিতে পদ্ধতিতে (নিউজরিল ও শুটিংকৃত দৃশ্যের সমন্বয়ে ডকুফিকশন) চরম সাহসিকতা ও নির্মোহ দায়বদ্ধতার মধ্য দিয়ে চিত্রিত করেছেন যথাক্রমে। এবং সারা বিশ্ব বুক হিম করা অপলক চোখে দেখেছে মানবিকতার চরম লঙ্ঘন ও নৃশংসতার ভয়াবহ সব দৃশ্য। ‘দি ব্যাটল অব চিলি’ কেবল চিলির নয়, নিপীড়িত বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের পৈশাচিক আক্রোশ ও আক্রমণের দুর্ধর্ষ এক চলচ্চিত্রক দলিল হয়ে সাক্ষ্য দিচ্ছে।

গুজমান স্বভাবতই তাঁর দেশের স্বৈরাচারী সরকার ও রাষ্ট্রযন্ত্রের কাছে মূর্তিমান বিভীষিকার পরিণত হয়েছিলেন। নানাভাবে নিপীড়ন চালালেও বস্তুত তিনি ছিলেন তাদের কাছে ভয় ও সমীহের পাত্র। ফলে আত্মরক্ষার প্রয়োজনে তাঁকে বছরের পর বছর নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে বিদেশে। প্রয়াতও হলেন বিদেশের মাটিতে। তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ ট্রিলজিঃ নস্টালজিয়া ফর দি লাইট (২০১০), দি পার্ল বাটন (২০১৫) এবং দি কার্ডিলেরা অফ ড্রিমস (২০১৯)। এই মেমোরি ট্রিলজিতে গুজমান তাঁর স্বদেশ চিলির প্রতি মর্মবেদনা, যাপিত জীবনের স্মৃতি, জন্মভূমিকে ঘিরে নানা স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা বলে গেছেন পরম মমতায়। নির্ভীক রাজনৈতিক চলচ্চিত্রকার প্যাট্রিসিও গুজমানের উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হলো: সালভাদর আলেন্দে (২০০৬) দি পিনো চেট (২০০২) দি সাউর্দান ক্রস (১৯৯২) ক্যাপচারিং রিয়েলিটি (২০০৮), মাদ্রি (২০০২), দি পিনোচেট কেস (২০০১), চিলি, ওবস্টিনেট মেমোরি (১৯৯৭), দি ফার্স্ট ইয়ার (১৯৭২)। শেষ ছবি ত্রিভাষিক (স্প্যানিস, ফরাসি ও ইংরেজি) ‘মাই ইমাজিনারি কান্ট্রি’ নির্মাণ করেন ২০২২ সালে। এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকেন। শেষ পর্যন্ত চলতি বছরের (২০২৬) ১৫ সেপ্টেম্বর ৮৫ বছর বয়সে তিনি প্রয়াত চিলি থেকে অনেক দূরে ফ্রান্সের রাজনীতি প্যারিসে, যেখানে তিনি গত তিন দশক ধরে বসবাস করে আসছিলেন। সেখানেই তাঁকে সমাহিত করা হয়। শেষ ছবিটিতেও মাতৃভূমি চিলিকে নিয়ে অনেক ভালোবাসার কথা বলেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বদেশে ফিরে যেতে আর পারেনি তিনি।

প্যাট্রিসিও গুজমানের জন্ম ১৯৪১ সালের ১১ আগস্ট চিলির রাজধানী সান্তিয়াগোতে। স্থপতি পিতা লইগুজমান এবং লেখিকা মাতা মারিয়া লোজানেসের পুত্র প্যাট্রিসিও তাঁর নামের শেষে পিতামাতা উভয়ের পদবীযুক্ত করতেন। শৈশব থেকে সান্তিয়াগোতে পারিবারিক সাংস্কৃতিক আবহে বেড়ে উঠলেও চিলির অস্থির রাজনীতি তাঁকে তরুণ বয়স থেকে প্রতিবাদ মনস্ক করে তোলে। যুক্ত হন প্রগতিশীল রাজনীতির চর্চায় এবং নিজের প্রকাশ মাধ্যম হিসেবে বেছে নেন চলচ্চিত্রকে যা তাঁকে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করে। প্রথম স্ত্রী পামেলা উরজুয়া তাঁর চলচ্চিত্রকর্মের সহযোগী ছিলেন। সে ঘরে তাঁর দুই কন্যা আন্দ্রিয়া ও ক্যামিলা দুজনেই প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে পিতার উত্তরাধিকার অব্যাহত রেখেছেন। প্যাট্রিসিওর দ্বিতীয় স্ত্রী রেনেট সাশে তাঁর অন্যতম নির্মাণ সহযোগী এবং অনেক ছবিরসহ চিত্রনাট্যকার। তবুও সাহসী কিন্তু দুর্ভাগা চলচ্চিত্রকার প্যাট্রিসিও গুজমান লোজানেস শেষ পর্যন্ত জন্মভূমিতে জীবিত বা মৃত কোনওভাবেই ফেরার সুযোগ পেলেন না। স্বদেশের প্রতি তীব্র আকুলতা নিয়ে দীর্ঘ তিন দশকের নির্বাসিত জীবনের শেষে চিরবিদায় নিলেন বিদেশ বিভূঁইয়ের মাটিতে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী প্রফেসর সবিহ্‌ উল আলম ও চট্টগ্রাম কলেজের পুরানো ফটক