২ লাখ ৯১ হাজারের বেশি আবেদন, সর্বোচ্চ ইংরেজিতে

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘ইংরেজি বিষয়ে সর্বোচ্চ আবেদন’ জমা পড়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। গতকাল রোববার সন্ধ্যায় অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জানিয়েছেন। বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩। এর মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে, এর পর আইসিটিতে।’ খবর বিডিনিউজের।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের সময় ১ থেকে ৭ নভেম্বর ধার্য ছিল। শনিবার কারিগরি কিছু ত্রুটির কারণে রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় বাড়ায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ৩১ অক্টোবর।

এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ইংরেজি ও আইসিটি বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। শুধুমাত্র ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার আগামী ১ ডিসেম্বর পরীক্ষায় বসার সুযোগ রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার। এ পর্যন্ত কতজন আবেদন করেছেন, সেই সংখ্যা আবেদন শেষ হওয়ার পর জানা যাবে বলেন অধ্যাপক আক্তারুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধসংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি আমানত, অনিয়ম তদন্তে কমিটি
পরবর্তী নিবন্ধবিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত