রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গতকাল রোববার রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি–১৫–এর সদর কোম্পানির দাবি, গ্রেপ্তার বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার ও পুলিশের ওপর হামলার ঘটনায় উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।
এসআরবি–১৫–এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বলি আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বলি আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প–১ ইস্টের ডি/৪ ব্লকের বাসিন্দা। তিনি নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে।
এসআরবি–১৫ জানায়, গ্রেপ্তার আসামিকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পসহ সামগ্রিক অঞ্চলে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।






