ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের ২৭৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৫ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচার মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।
আটকাদেশপ্রাপ্ত বাকিরা হলেন জাবেদের স্ত্রী ও আরামিট পিএলসির এমডি রুকমীলা জামান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল ইসলাম। সাইফুজ্জামান চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানটির একজন শেয়ারহোল্ডার।
আদালত সূত্র জানায়, আরামিট পিএলসির নামে ঋণ নিয়ে নির্ধারিত সময়ের পরও পরিশোধ না করায় নগরীর আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখা আরামিট পিএলসি ও আটকাদেশপ্রাপ্তদের বিরুদ্ধে একটি অর্থঋণ মামলা দায়ের করে গত বছর। এ মামলায় ২০ এপ্রিল ডিক্রি হয়। ডিক্রি অনুযায়ী ব্যাংকের পাওনা ২৫৮ কোটি ২১ লাখ ৬ হাজার ৩৪৪ টাকা পরিশোধ করার কথা থাকলেও তা হয়নি। পরে ডিক্রিকৃত টাকা ও অন্যান্য পাওনাদিসহ মোট ২৭৬ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৮২ টাকা আদায়ের লক্ষ্যে ২১ এপ্রিল ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়।
আদালত সূত্র আরো জানায়, অর্থঋণ জারি মামলা দায়ের করার পরও দায়িকরা ডিক্রিদার ব্যাংকের পাওনা পরিশোধের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অন্যদিকে এ মামলায় নিলামে বিক্রয়ের জন্য কোনো স্থাবর বন্ধকি সম্পত্তি না থাকায় নিলামে বিক্রয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করাও সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় পাওনা পরিশোধে বাধ্য করার জন্য ব্যাংকের পক্ষ থেকে দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে একটি আবেদন করা হয় জানিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. সাইফুদ্দীন পারভেজ আজাদীকে বলেন, শুনানি শেষে আদালত উক্ত আবেদনটি গ্রহণ করেন।









