২০২৫ সাল শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ ১১ হাজার ৩৪৪ কোটি (১১৩ দশমিক ৪৪ বিলিয়ন) ডলারে দাঁড়ানোর হিসাব দিয়েছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৪ টাকা ৩৫ পয়সা) অনুযায়ী, টাকার অঙ্কে এ ঋণের পরিমাণ ১৪ লাখ ১০ হাজার ৫০২ কোটি টাকা। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশের জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি ৫৭ লাখ। সে হিসাবে দেশের মানুষের মাথাপিছু ঋণ এখন ৬৪৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ৩৩০ টাকা। বিশ্ব ব্যাংকের ২০২৬ সালের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্টে’ এ চিত্র উঠে এসেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। খবর বিডিনিউজের।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশের বিদেশি ঋণ প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৫ সালে ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। প্রতিবেদনে দেখা যায়, মোট ঋণের মধ্যে রয়েছে ৮৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ। ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বেসরকারি অ–গ্যারান্টিযুক্ত ঋণ এবং ১৪ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার স্বল্পমেয়াদি ঋণ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত ১২ অক্টোবর বিদেশি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, অতীতের সব রেকর্ড ভেঙে ২০২৫–২৬ অর্থবছর শেষে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯৮ কোটি ৩০ লাখ (১১৪.৯৮ বিলিয়ন) ডলার। তিন মাসের ব্যবধানে বেড়েছে প্রায় ৪ বিলিয়ন ডলার বা ৩ দশমিক ৬৫ শতাংশ।
বর্তমান বিনিময় হার অনুযায়ী টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।










