রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। চিংকিউ রোয়াজা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেনকেও (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালিন্দীপুর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাসার সামনে থেকে চিংকিউ রোয়াজা ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এদিকে, গতকাল বিকেলে রাঙামাটির কোর্ট পুলিশ সূত্র জানিয়েছে, আসামিদের আদালতে সোপর্দ করার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার