বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, আমাদের জ্ঞান–ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর জাতীয় উদ্ভাবনী নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত। এটি হওয়ার জন্য আমাদেরকে বাস্তবসম্মত হতে হবে। আমরা একা স্বল্প ব্যয়ের শ্রমের পিছনে ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছতে পারি না। এটি উচ্চ মূল্যের প্রতিভা এবং আইসিটি, ফার্মাসিউটিক্যালস, পুনর্নবীকরণযোগ্য শক্তি, হালকা প্রকৌশল এবং জৈবপ্রযুক্তির মতো উচ্চ মূল্যের ক্ষেত্রগুলির উপর নির্মিত হতে পারে। ইউজিসি জ্ঞানভিত্তিক অর্থনীতির একটি বাস্তুতন্ত্র গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে শিল্প ও একাডেমিয়া নির্বিঘ্নে সহযোগিতা করে। গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এসব কথাগুলো বলেন। কনফারেন্সের ইন্টারন্যাশনাল পার্টনার হিসাবে রয়েছে ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং টেকনিকাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি’র ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটির প্রফেসর ড. সুদান ঝা, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডেপুটি ডীন প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, প্রফেসর ড. এম ইমামুল হাসান ভূঁইয়া, প্রফেসর ড. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ, প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম।
উল্লেখ্য ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ শীর্ষক তিনদিন ব্যাপী এই কনফারেন্স বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫ম এবং আইআইইউসি’র আয়োজনে ২০ তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। ২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, শিক্ষবিদ ও গবেষকদের নিয়ে তিন দিন ব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের ২৫টি সরকারী, ৩৪টি বেসরকারী বিশ্ববিদ্যালয়, ৩৫টি বিদেশী প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক–প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। কনফারেন্সে প্রাপ্ত ৮১২ টা প্রবন্ধের মধ্যে একাডেমিক বাছাইয়ের পর ১৮৮ টা প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া কীনোট স্পিকারের ১১টি মূল প্রবন্ধ এবং ১০টি আমন্ত্রিত স্পিকারের প্রবন্ধ উপস্থাপিত হবে। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইইউসি’র প্রফেসর এমিরিটাস ও সাবেক ভাইস–চ্যান্সেলর বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. এ. কে. এম. আজহারুল ইসলাম, প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, প্রফেসর ড. সুদান ঝা, প্রফেসর ড. জিয়ানকিং ওয়াং, প্রফেসর ড. ফয়সাল হোসাইন, প্রফেসর টেক জিং লি, প্রফেসর মোহাম্মদ স্লিম আলোনি, প্রফেসর জ্লাটনোভা, প্রফেসর ড. ওয়াং শাওয়াই এবং শেনঝেন ইউনিভার্সিটির প্রফেসর ড. জি–ঝাও।






