ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চৌধুরী হারুন অর রশীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। তাঁরা বলেন, চৌধুরী হারুন অর রশীদ ছিলেন ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক। ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তাঁর বর্ণাঢ্য জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

গত ৬ নভেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চৌধুরী হারুন অর রশীদের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত স্মারক–প্রবন্ধ পাঠ ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চৌধুরী হারুন অর রশীদ জন্মশতবর্ষ উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে। এরপর চৌধুরী হারুন অর রশীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতিত্ব করেন চৌধুরী হারুন অর রশীদ জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক রণজিৎ দে। স্মারকপ্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক কমরেড কানাই দাশ। বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড মো. শাহ আলম, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, কমরেড মৃণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা উদয়ন নাগ, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মসিউদদৌলা, গাজী আলমগীর, বাসদ নেতা আল কাদেরী জয়, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী ও ছাত্র ইউনিয়ন সভাপতি শুভ দেবনাথ। সঞ্চালনা করেন সিপিবির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শওকত আলী ও ফজলুল কবির মিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধআর্ত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব