সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস পুকুরে, শিক্ষকসহ নিহত ২

আহত ৩০

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:২৬ পূর্বাহ্ণ

কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষা সফরের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। কঙবাজার যাওয়ার পথে ওই মাদ্রাসার শিক্ষা সফরের একটি বাস সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক শিক্ষকসহ ২ জন নিহত ও অন্তত ৩০ জন শিক্ষক–শিক্ষার্থী আহত হয়েছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থেকে ছেড়ে আসা বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষা সফরের একটি বাস গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কেবিএম ইটভাটার সামনে পুকুরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজ মেঘলার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)। এ দুর্ঘটনায় মাদ্রাসার প্রভাষক নাদিরা আফরোজ মেঘলা, আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন, আতিকুর রহমান, মো. রাসেল, রুনা লায়লা, অফিস সহকারী আলাউদ্দিন, দপ্তরী শাহজালাল, আয়া সেলিনা আকতার ও সামিহা আকতার নিহাসহ অন্তত ৩০ জন শিক্ষক শিক্ষার্থী আহত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ২টি বাসযোগে শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এরমধ্যে একটি বাস ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ ও প্রভাষক নাদিরা আফরোজ মেঘলার স্বামী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ অন্তত ৩০ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন এবং নিহতদের লাশ উদ্ধার করেন।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, নিহত দুইজন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে যাওয়ায় শ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরী মাঠ ফিরল নতুন রূপে