বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না : নাজিমুর রহমান

ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের মানুষ ইতোমধ্যে প্রমাণ করেছে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের জায়গা হবে না। তবে এখনো ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী নানা ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহেদ আহমেদের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাজিমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ১৯৭৫ সালের সংকটময় পরিস্থিতিতে তার দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও দূরদর্শিতা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে তিনি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেন। তিনি বলেন, আধিপত্যবাদ, ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করা বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় প্রধান বক্তা ছিলেন কোতোয়ালি থানার সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আকতার খান, হামিদ হোসেন এবং আমিনুর রহমান মিয়া। উপস্থিত ছিলেন সাইফুদ্দীন মির্জা, নূর মোহাম্মদ, রমজান আলী, আবদুর রাজ্জাক, আবু নাছের সাজ্জাদ, মোহাম্মদ ওয়াসীম, হাজী নূরুল হক, মনোয়ারা বাবুল, আসাদুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলশী থানা বিএনপির র‌্যালি