ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারি রিকশার এক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে পৌরসদরের ইদিলপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহাজান (৫২) সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম মহাদেবপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক মোহাম্মদ শাহাজান গুরুতর আহত হন। পরে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











