নতুন প্রতিভার খোঁজে চট্টগ্রামে আজ ‘রবি বোলার হান্ট’

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৩২ পূর্বাহ্ণ

নতুন বোলিং প্রতিভা খুঁজতে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ‘রবি বোলার হান্ট’–এর ট্রায়াল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের চট্টগ্রাম পর্বই শেষ বিভাগীয় আয়োজন। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ছেলে ও মেয়ে মিলিয়ে ৪ হাজার ৯২৩ জন অনলাইনে নিবন্ধন করেছেন।

সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় ট্রায়াল শুরু হবে। অংশগ্রহণকারীরা সকাল ৮টা থেকে মাঠে প্রবেশ করতে পারবেন। আজ সকাল ৯টার আগ পর্যন্ত স্পট নিবন্ধনের সুযোগও থাকছে।

ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান মার্কেট এক্সেস গ্রুপের হেড অব অপারেশন আজহারুল ইসলাম পায়েল জানান, স্টেডিয়ামে একটি বুথ থাকবে। সেখানে নিবন্ধন করে আগ্রহীরা ট্রায়ালে অংশ নিতে পারবেন। অনলাইনে নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে মাই রবি অ্যাপ। ১৬ থেকে ২৫ বছর বয়সী নারী–পুরুষ বোলাররা এতে অংশ নিতে পারবেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে দেশের আটটি ভেন্যুতে পেস ও স্পিন বোলার খোঁজার এ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে দুটি ভেন্যু ঢাকায়। অন্য ভেন্যুগুলো হলো সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম।

ট্রায়ালে অংশগ্রহণকারীদের প্রথমে সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর দ্বিতীয় ট্রায়াল ও চূড়ান্ত ট্রায়ালের মাধ্যমে বাছাই সম্পন্ন হবে। এ কার্যক্রমে ১২ জন বিচারক দায়িত্ব পালন করবেন। তারা হলেন বিসিবির হেড অব এইচপি ইউনিট মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের কোচ কোরি কলিমোর, সিনিয়র কোচ ওয়াহিদুল গনি, মো. সোহেল ইসলাম, সাজ্জাদ আহমদ শিপন, দীপু রায় চৌধুরী, শহীদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, এ কে এম জসীমউদ্দিন, জাহেদ হোসেন, শফিকুল ইসলাম ও নাইমুর হাসান মনি।

বাছাইপর্ব শেষে নির্বাচিত বোলারদের আধুনিক প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ দেওয়া হবে। বিভাগীয় ট্রায়াল থেকে বাছাই করা নির্দিষ্টসংখ্যক বোলারকে ঢাকায় চূড়ান্ত পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে নির্বাচিতদের বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২২ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৫ অক্টোবর একই ভেন্যুতে আনুষ্ঠানিক পরিচয়পর্বের মধ্য দিয়ে শেষ হবে এবারের ‘রবি বোলার হান্ট’।

এর আগে ২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে আসেন বাংলাদেশের জাতীয় দলের পেসার ইবাদত হোসেন। ২০১৭ সালের ‘রবি স্পিনার হান্ট’ থেকে উঠে আসেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার চট্টগ্রাম থেকেও নতুন প্রতিভাবান বোলার খুঁজে পাওয়ার প্রত্যাশা আয়োজকদের।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত
পরবর্তী নিবন্ধআয়াস-রিমির মামলার শুনানিতে হট্টগোল মারামারি