বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জীপ খাদে পড়ে দুই পর্যটক এবং সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে জীপটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। সীতাকুণ্ডে টাইলস বোঝাই পিকআপের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে চালকের পাশে থাকা মিস্ত্রি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল সোমবার ভোরে সীতাকুণ্ডে এবং বিকেলে থানচিতে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
বান্দরবান প্রতিনিধি জানান, থানচি উপজেলার তীন্দু সড়কে পর্যটকবাহী জীপ খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজনকে উদ্ধার করে কক্সবাজারের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে বিজিবি। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কঙবাজারের কুটাখালী থেকে জীপ ভাড়া নিয়ে একদল পর্যটক থানচির তীন্দু বড়পাথর পর্যটন স্পটে ভ্রমণে যান। গাড়িটি ঢালু রাস্তা দিয়ে তীন্দু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরও সাতজন আহত হন।
খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে বিজিবি গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছে। গাড়িটিতে সাতজন পর্যটক এবং চালক ও হেলপারসহ মোট নয়জন ছিলেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক মো. বেলাল।
তবে হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভ্রমণকারী পর্যটকেরা কঙবাজারের চকরিয়া উপজেলার কুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার পৌরসদর এলাকায় গাড়ি চাপায় এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন গোটরা এলাকার মো. নুরুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকার গরুর বাজারের সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টাইলস বোঝাই একটি পিকআপ সামনে থাকা অপর একটি গাড়ির পেছনে চাপা দেয়। এ সময় পিকআপচালক ঘটনাস্থলে গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যান। দুর্ঘটনায় পিকআপের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে চালকের পাশে বসে থাকা টাইলস মিস্ত্রি মো. ইসমাইল (২৫) গুরুতর আহত হন।
পরে হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আহত ইসমাইলকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।












