চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর ট্রেনের ইঞ্জিনের কাছে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। প্রাাথমিকভাবে ধারণা করা হয়, দুষ্কৃতকারীদের আঘাতে তিনি আহত হয়ে ট্রেনের ইঞ্জিনের দিকে চলে আসেন।
ট্রেনটির এক গার্ড জানান, ওই ব্যক্তির বয়স ৪৮ বছরের কাছাকাছি। তার গলার নিচে ছুরি বা অন্য কোনো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে। গলার নিচ থেকে পুরো শরীর রক্তে ভেসে গেছে। পরে ট্রেনটি চিনকি আস্তানা স্টেশনে থামিয়ে আহত ব্যক্তিকে স্টেশন মাস্টারের কক্ষে নেওয়া হয়। সেখানে চিকিৎসা সহায়তা দেওয়ার আগেই রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে তিনি মারা যান। নিহতের নাম–পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জিআরপি থানা পুলিশ জানায়, ৮০২ চট্টলা এক্সপ্রেস রাতে চট্টগ্রাম ফিরে আসে। ওই ব্যক্তির মরদেহ স্টেশনে রাখা হয়েছে। ঘটনা তদন্ত ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












