ফ্রান্সপ্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ ও সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশিত হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে। রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এর আগে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়। নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে সংগীতশিল্পী জয়া বর্মণ বলেন, গানটি খুব মিষ্টি। আমার ভারী পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এতদিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে। রোমান্টিক কথা, সুর এবং দুই শিল্পীর দ্বৈতকণ্ঠের মেলবন্ধনে তৈরি হয়েছে ‘মনঘুড়ি’। এরই মধ্যে দেশ–বিদেশের শ্রোতারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শুনতে পারছেন।












