যুক্তরাষ্ট্রে যন্ত্রসংগীতে বিশেষ অবদান ও ড্রামসে অনন্য দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় ড্রামার ও চট্টগ্রামের সন্তান মোহাম্মদ শাহাদাত ওসমান (ডি কিউ মিথুন)। ১০ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
শো টাইম মিউজিক আয়োজিত সাংস্কৃতিক অঙ্গনের এ আসরে চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান আনুষ্ঠানিকভাবে শিল্পী মিথুনের হাতে এ পুরস্কার তুলে দেন। প্রবাসের মাটিতে নিয়মিত ড্রাম বাজানোর মাধ্যমে প্রতিটি সংগীত পরিবেশনাকে প্রাণবন্ত রাখা এবং বাংলা গানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
এর আগে গত ৩ অক্টোবর লং আইল্যান্ড সিটিতে প্রবাসীদের সংগঠন ‘দ্য বিউটিফুল লেডিজ অব ইউএসএ’-র কনসার্টেও সংগীতপ্রেমী ও সহশিল্পীদের বিশেষ ভালোবাসায় সিক্ত হন এই বাদক।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ডি কিউ মিথুন বলেন, সংগীত আমার দীর্ঘদিনের সাধনা ও ভালোবাসার জায়গা। প্রবাসের ব্যস্ত জীবনেও ড্রামের ছন্দে শ্রোতাদের আনন্দ দিতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। চলচ্চিত্রের প্রিয় মুখ অমিত হাসানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এমন একটি স্বীকৃতি সংগীতে আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।
মিথুন বলেন, চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম; এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন ও সংস্কৃতির নানা শাখায় বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। গত ২৬ বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ এ আয়োজন তারকা ও দর্শকদের মিলনমেলায় পরিণত হয়।
ব্যান্ডের তীর্থভূমি চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের। তিনি যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, সে সময়ে সংগীতে হাতেখড়ি। প্রথমে স্থানীয় কিছু ব্যান্ডে বাজিয়েছেন। পরে ২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় হয়েছিলেন মিথুন। সেই উৎসাহ নিয়ে ২০১২-তে ঢাকায় পুরোদমে মিউজিক শুরু করেন তিনি।












