চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন,সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা আমাদের মানবিক দায়িত্ব।
এ দায়িত্ববোধ থেকেই জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে এবং জীবন–জীবিকা পুনর্গঠন করতে পারে, সে লক্ষ্যেই জেলা পরিষদের এ উদ্যোগ।
তিনি গতকাল মঙ্গলবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে আগস্ট মাসের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের নিমিত্ত গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রেস বিজ্ঞপ্তি।











