সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড়ি সড়কে নামার সময় দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে (সৌদি সময়) এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসান। কামরুলের বাড়ি নোয়াখালী জেলায়।
নিহত আশরাফের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছ নিয়ে আভা থেকে জিজানের দিকে যাওয়ার পথে পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক ও পাশে থাকা আশরাফ মারা যান। দুই মাস আগে ছুটি শেষে আশরাফ দেশ থেকে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।












