‘ছাত্রলীগ, ওরে পিডা’ বলে ছাত্রশক্তি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৩:২৮ অপরাহ্ণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ট্যাগ দিয়ে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সে সময় ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে দাবি করেন। তবে তিনি বলেছেন, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে দলীয় নির্দেশে নামা তাঁর দলের কর্মীরা ভুক্তভোগীর ওপর ‘চড়াও’ হয়েছিলেন।

আহত মোহাম্মদ ইসমাইল চকবাজার থানা ছাত্রশক্তির সংগঠক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ইসমাইল দৈনিক আজাদীকে জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি তিন বন্ধুর সঙ্গে টংদোকানে চা খাচ্ছিলেন। এ সময় হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক শিকদার লাঠি, হকিস্টিক ও ধারালো অস্ত্র হাতে ২০-৩০ জনের একটি দল নিয়ে এলাকায় শোডাউন দেন বলে তাঁর অভিযোগ।

ইসমাইলের অভিযোগ, জাহেদুল তাঁর কাছে এসে বলেন, ‘ও ছাত্রলীগ, ওরে পিডা। আমার বাবার বিরুদ্ধেও ও পোস্ট দিছে।’ এরপর প্রথমে তাঁকে ছুরিকাঘাত করা হয়। তাঁর বন্ধুরা প্রতিবাদ করলে হামলাকারীরা তাঁদের দিকেও তেড়ে আসেন। পরে মাথায় আঘাত করা হয় এবং একপর্যায়ে লাথি দিয়ে তাঁকে পাশের নালায় ফেলে দেওয়া হয়। সেখানেও তাঁকে মারধর করা হয় বলে তিনি দাবি করেন।

ইসমাইল বলেন, জাহেদুলের বাবা মিজানুর রহমান শিকদার এক নারীর খুনের মামলার আসামি এবং বর্তমানে কারাগারে আছেন। ওই নারীর পক্ষে তিনি ফেসবুকে লেখালেখি করেন। এ কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ। তাঁর হাতে ও মাথায় অনেক সেলাই লেগেছে। তিনি দ্রুত মামলা করবেন বলে জানান।

অভিযুক্ত জাহেদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আজাদীকে বলেন, আগের দিন দলীয় নির্দেশে ছাত্রলীগের নাশকতা ঠেকাতে তাঁরা অভিযানে নামেন। ছাত্রলীগের সঙ্গে ইসমাইলের ওঠাবসা দেখে তাঁর মোবাইল চেক করতে চাইলে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁর দলের কর্মীরা ইসমাইলের ওপর চড়াও হন। তবে জাহেদুল নিজে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন।

বাবার সঙ্গে ইসমাইলের দ্বন্দ্বের প্রসঙ্গে জাহেদুল বলেন, তাঁর বাবার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ইসমাইলকে চেনেন না। শুনেছেন, ইসমাইল তাঁদের এলাকার।

ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আব্দুর রহমান বলেন, ইসমাইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সম্মুখসারিতে থাকা একজন সক্রিয় সহযোদ্ধা। তাঁর দাবি, শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে ইসমাইলের ওপর এ হামলা হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন দৈনিক আজাদীকে বলেন, ছাত্রশক্তি নেতার ওপর হামলার বিষয়ে এই মুহূর্তে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তথ্য এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএক মাস পর নিভল ইনানীর গ্যাসকূপের আগুন