প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর বিএনপির নানা কর্মসূচি

জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে এগিয়ে যাচ্ছে বিএনপি : এরশাদ উল্লাহ এমপি

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে বিএনপি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। চট্টগ্রাম মহানগর বিএনপির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এই সভা হয়। সভায় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া কর্মসূচিতে অংশ নেবেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়া ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় পুরাতন রেলস্টেশন থেকে র‌্যালি অনুষ্ঠিত হয়ে জেলা প্রশাসকের চত্বর এসে শেষ হবে। একই দিনে দলীয় কার্যালয় নসিমন ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। বর্তমানে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে, বিএনপি সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে দল এগিয়ে যাচ্ছে।

সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, ৪৮ বছরের পথচলায় বিএনপি নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আস্থার একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।

নাজিমুর রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিভিন্ন ষড়যন্ত্র ও বাধা থাকলেও জনগণের ঐক্য এবং বিএনপির নেতাকর্মীদের দৃঢ় মনোবল কোনো অপশক্তিকে সফল হতে দেবে না। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সময়মতো উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন, আনোয়ার হোসেন লিপু, মোশারফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, জাফর আহমেদ, মাহাবুব রানা, এম এ সবুর, আবু মুসা ও মোহাম্মদ ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত, আরেকজন হাসপাতালে
পরবর্তী নিবন্ধদোহাজারী নাগরিক কমিটির বৃক্ষরোপণ ও সার বিতরণ