ইয়াবাসহ গ্রেপ্তার ১২ মামলার আসামি টোয়েন্টি জসিম

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

আনোয়ারার বৈরাগে ১৪৭টি ইয়াবাসহ ডাকাতি, অস্ত্র আইন, চুরি, ছিনতাই ও মাদকসহ ১২ মামলার আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ ‘টোয়েন্টি জসিম’ (৪০) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার সময় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে কোরিয়ান ইপিজেডের দক্ষিণ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার জসিমের কাছ থেকে ১৪৭টি ইয়াবা পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৪৪হাজার ১০০টাকা। একাধিক মামলার খরচ যোগাতেই মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে জানান তিনি। মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে টোয়েন্টি জসিম তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১৪ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ হাজার ১০০ টাকা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জসিম স্বেচ্ছায় স্বীকার করেন, তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার খরচ জোগাতে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন।

এজাহার ও পুলিশের সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিক সাংবাদিকদের জানান, জসিম ও তার সহযোগীরা অবৈধ ১৪৭টি ইয়াবাসহ গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৈকতঘেঁষা সড়ক, কক্সবাজারের পর্যটনে নতুন সম্ভাবনা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফেটে গুরুতর আহত যাত্রী