নগরের জিইসি মোড়ের ফুটপাতে অবৈধভাবে বসা পাঁচটি ফুড কার্ট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ। চসিকের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে জিইসি মোড় থেকে দুই নম্বর গেটমুখী ফুট ওভার ব্রিজের গোড়া থেকে বাটা গলি পর্যন্ত সড়কে অভিযানটি চালানো হয়। এসময় ফুটপাত দখল করে গড়ে ওঠা ৫টি ফুড কার্ট বা দোকান জব্দ করে জব্দকৃত মালামাল সাগরিকা স্টোরে নিয়ে যাওয়া হয়।
একই অভিযানে ফুটপাত দখল ও রাস্তায় ময়লা–আবর্জনা ফেলার অপরাধে দুটি খাবারের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে রাস্তায় কোনো মালামাল না রাখার বিষয়ে দোকান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।












