কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজনকে আটক করেছে এপিবিএন পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তার সহযোগী আব্দুল হাফেজ (২২)। গত বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন এপিবিএনের অধিনায়ক।












