বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে কবিগুরুর স্মরণে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ‘প্রাণের মানুষ আছে প্রাণে’।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়র উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সভাপতিত্বে শুভেচ্ছা কথনমালা পর্বে শুভেচ্ছা বক্তব্যে বিশ্বকবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন পূর্বক কবিগুরুর সাহিত্যজীবন নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষক প্রমা অবন্তী। সভাপতির বক্তব্যে জেলা কালচারাল অফিসার কবিগুরুর জীবন, সাহিত্যকর্ম এবং বাঙালির সাংস্কৃতিক ভাবাবেগে রবীন্দ্রনাথের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ পূর্বক আলোচনা করেন।
এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি এবং রবীন্দ্র–ভাবনার ওপর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর চিরন্তন দর্শন ও সুরের আবহ সৃষ্টি হয় একাডেমি প্রাঙ্গণে। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সম্মিলন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, ওড়িসী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অব ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স। একক সঙ্গীত পরিবেশনায় ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী মো. মোস্তফা কামাল, রিংকী মজুমদার, রাত্রি ধর। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী শ্রাবণ দাশগুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।











