চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মাতা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি–নাতনি, আত্মীয়–স্বজন এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ৯টায় মরহুমার পূর্ব ফরহাদাবাদস্থ নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তারই সন্তান ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর।
জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষের সমাগম ঘটে। জানাজায় উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, সৈয়দ হাসান মাইজভান্ডারী প্রমুখ।
এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে ফটিকছড়ি ও চট্টগ্রামের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
খাদিজা নুরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চসিক মেয়র এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, খাদিজা নুর একজন অত্যন্ত পরহেজগার ও পরোপকারী নারী ছিলেন। তাঁর সদালাপী ও মার্জিত ব্যবহারের কারণে তিনি প্রতিবেশীদের মাঝে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তাঁর এই অবর্তমানে পরিবার ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।
এছাড়া ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য এবং চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী এবং চিটাগাং চেম্বার অব কমার্সের পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মোহাম্মদ আমিরুল হক শোক প্রকাশ করেছেন।











