দীর্ঘ ৯ বছরের সফল লিভারপুল অধ্যায় শেষ করে তুরস্কের প্রিমিয়ার লিগের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও সৌদি প্রিমিয়ার লিগের আকর্ষণীয় প্রস্তাব থাকা সত্ত্বেও ৩৪ বছর বয়সী এই তারকা ইউরোপীয় ফুটবলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্পোর্টিং কানসাস সিটি তাকে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে বেতনের অঙ্ক কিছুটা কমিয়ে হলেও ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলাকেই প্রাধান্য দিয়েছেন সালাহ। চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছান সালাহ। তাকে বরণ করে নিতে সেখানে জড়ো হন হাজারো ভক্ত। তাদের উচ্ছ্বাসে বিমানবন্দর পরিণত হয় উৎসবের মঞ্চে। এরপর প্রায় ৭০০ মাইল দূরের ট্রাবজোনে পৌঁছান মিসরীয় তারকা। ট্রাবজোনস্পোরে ১০ নম্বর জার্সিতে খেলবেন তিনি। তবে ক্লাব ও শহরের প্রতি সম্মান জানিয়ে ‘৬১’ নম্বর লেখা বিশেষ একটি জার্সি গায়েও ছবি তুলেছেন সালাহ। এই সংখ্যাটি ট্রাবজোন শহরের ডাকসংকেত ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। তুর্কি গণমাধ্যমের তথ্যমতে, ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন সালাহ। বার্ষিক বেতন প্রায় ১৭ মিলিয়ন ইউরো। ৫ মিলিয়ন ইউরো বোনাসের পাশাপাশি জার্সি বিক্রি থেকে আসা লভ্যাংশের একটি বড় অংশও পাবেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে না থাকলেও টার্কিশ এয়ারলাইন্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগের মতো বড় স্পন্সরদের সহায়তায় সালাহর জন্য এই বিপুল অর্থের সংস্থান করছে ট্রাবজোনস্পোর।
তুরস্কের বড় তিন ক্লাব গ্যালাতাসারাই, ফেনেরবাচে ও বেসিকতাসকে টেক্কা দিয়ে সালাহকে দলে ভেড়ানো ট্রাবজোনস্পোরের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে টানা চারবার লিগ শিরোপা জেতা গ্যালাতাসারাইয়ের আধিপত্য ভেঙে শিরোপা পুনরুদ্ধারে সালাহকে বড় অস্ত্র হিসেবে দেখছে ক্লাবটি। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপসহ একাধিক শিরোপা জেতা এই মিসরীয় তারকার চুক্তিকে তুর্কি ফুটবলের ইতিহাসের অন্যতম বড় ও হাই প্রোফাইল দলবদল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইউরোপা লিগের প্লে অফ দিয়ে খুব শিগগিরই নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন সালাহ।











