ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে নিয়ে আসতে চায় সরকার। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সামনে রেখে এ ফরাসি তারকাকে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি। এদিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে এ ব্রিফিং আয়োজন করা হয়। খবর বিডিনিউজের। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সেপ্টেম্বরে হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ছাত্রদের এ টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের ঐচ্ছিক। সেপ্টেম্বরে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা হয়।
এ টুর্নামেন্টে কোনো প্রতিষ্ঠান দল দিতে না পারলে ওই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি শিক্ষা বোর্ড থেকে ফান্ড সংগ্রহ করে ডিসিদের মাধ্যমে এ টুর্নামেন্ট আয়োজনে অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানান।











