কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসে বিবি হাফসা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পাহাড় ধসে ঘর চাপা পড়ে ওই তরুণী মারা যান। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প–৮ ইস্টের ডি–৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী ওই ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ (৩) একই ব্লকের নুর ইসলামের ছেলে।
ক্যাম্পের বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। আহত শিশু আব্দুল মজিদকে স্থানীয় রোহিঙ্গারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে ৮ এপিবিএনের কমান্ডিং কর্মকর্তা (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সামপ্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। চলতি বর্ষা মৌসুমে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রোহিঙ্গা পরিবারের আশ্রয়স্থল।











