পাখিরাও ঘর বাঁধে
যত্নে বানানো খরখুুটোর
সংসার ছেড়ে তবু
পাখিরাও দেশান্তরী হয়।
বৈরাগী মন খুঁজে বেড়ায় সেই ঠিকানা
আলোর দিন শেষে
গোধূলিতে স্থির হয় বেলা
তারপর নিকষ কালো অন্ধকার।
চাঁদের প্রলেপ মাখে কেউ,
কেউ আবার দিনের আলোর
গভীরে খুঁজে ফেরে রাতের তারাগুলি।
উল্কার মতো ছুটে চলা জীবন, হায়!
আশ্চর্য মায়ার জীবন
একলা রাত, যাত্রাপালার
কুশিলব উঁকি দেয় পর্দার
আড়াল থেকে, হায়।
স্মৃতিরা পাতা উল্টায়, খুঁজে ফিরে
সোনালি বোতাম, তারপর দেখে
তার সমস্ত জমানো সময়
ভেসে যায় কালিন্দীর স্রোতে।
কেন ডাক দেয় বিবাগী সময়
উড়ে যাওয়া পাখিদের মতো।






