বৃষ্টি পড়ে

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

আকাশ ভেঙে সমুদ্দুর

খুব খুশিতে মাছের পোনা

দিচ্ছে পাড়ি অনেক দূর।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

ব্যাঙের মুখে সুরের টান

নতুল জলে কাটবে সাঁতার

নামুক বৃষ্টি বাড়ুক বান।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

পাখপাখালির মনের দুখ

যায় না ওড়া আকাশ পানে

যায় না পাওয়া থাকার সুখ।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

সুয্যিমামার ঘুমের ঘোর

পারছে না আর ভেঙে দিতে

কালো মেঘের বিশাল দোর।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

কদম ফুলের মধুর ঘ্রাণ

খালে বিলে উথালপাথাল

মাতাল জলের বইছে বান।

পূর্ববর্তী নিবন্ধদীনতা
পরবর্তী নিবন্ধপাখি এবং যাপিত জীবন