সিমেন্ট কারখানায় সহকর্মীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কাটগড়ে ঘটনা, অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

সহকর্মীর ছুরিকাঘাতে মো. শুভ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরের পতেঙ্গা থানার কাটগড় এলাকার এনজিএস সিমেন্ট কারখানায় তাকে ছুরিকাঘাত করেন রনি নামে তার এক সহকর্মী। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এদিকে রনিকে আটক করে কারখানার শ্রমিকেরা পুলিশে সোপর্দ করেছে। নিহত শুভ ও অভিযুক্ত রনি দুজন এনজিএস কারখানার পিকআপ চালক। শুভ মীরসরাই উপজেলার বড়তাকিয়া গ্রামের নূর আহমেদ সওদাগর বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে আছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুভ বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। সেখানে অভিযুক্ত সহকর্মী রনির সাথে তার দেখা হয়। তারা একে অপরের সাথে আলাপ করেন। হঠাৎ তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রনি মাংস কাটার ছুরি বের করে শুভর বুকে আঘাত করেন। এ সময় সহকর্মীরা আহত অবস্থায় শুভকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অন্যদিকে অভিযুক্তকে অন্য সহকর্মী ও স্থানীয়রা রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে শুভর মৃত্যু হয়।

নিহত শুভর দুলাভাই আজাদীকে বলেন, আমার শ্যালকের বুকের দুই পাশে ৮ ইঞ্চি ছুরি দিয়ে আঘাত করেছে। এতে সে মারা যায়। হত্যাকারীর বিচার চাই। রনি আমার শ্যালকের অনেক দিনের পরিচিত। তারা একসাথে চলাফেরা করত, উঠবস করত। এক টেবিলে বসে ভাত খেয়েছে। হঠাৎ কী এমন হয়েছে আমার শ্যালককে হত্যা করতে হবে?

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধবগা ও তার ১২ সহযোগীর জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধদুই বছরের জন্য আইনজীবীর সদস্যপদ স্থগিত