কতকাল সেঁকে নিবো ফেলে আসা —
ছি —কুত কুত খেলার ঘোরে, নিজেকে আমূল বিভায়
বহু দূরে সময়ের ডাং–গুলি পায়ের
চলে গেছে আমাদের ছোঁয়াছুয়ি খেলা।
সেই দিন যদি মনে পড়ে রাত্রির গভীরে
নরম নিঃশ্বাস অন্ধকারে আলো জ্বালাবে
ধূলোয় জমা অনুভবের দরজায়—-
চাঁদের মতো ঝুলে পড়বে নিঃশব্দ চিৎকার।
সেই নীল দিঘির পাড়ে এখনো
লেপ্টে আছে যাপনের কত বেলা
ঘামের গন্ধে ভাক দিয়ে যায়
ফিরে না পাওয়া বিকেলের কানামাছি সাঁই।
মেঘ ভাঙা বৃষ্টির ফোঁটায় ধুয়ে গেলেও
এখনো স্বচ্ছ দেখায়
বলো, মুছে দিতে দিতে এভাবে
কী থেকে যায় বেলা অবেলায়।







