টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় চট্টগ্রামের নিম্নাঞ্চল এখন পানিবন্দী। এমন দুর্যোগপূর্ণ সময়ে পানিবন্দি মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘সুরক্ষা’। গত শুক্রবার ডবলমুরিং থানার ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আল নোমান বলেন, প্রকৃতির দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই দুর্যোগ মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক সংগঠন ‘সুরক্ষা’ আজ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দুর্গত মানুষের মুখে একমুঠো অন্ন তুলে দেওয়ার এই উদ্যোগ প্রমাণ করে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা সম্ভব। ত্রাণ কার্যক্রম চলাকালে সুরক্ষার নেতৃবৃন্দ দুর্যোগ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। ডা. রাশেদুজ্জামান মন্ডল বলেন, জলাবদ্ধতা শুধু জনজীবন ব্যাহত করছে না, স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। আমরা পানিবন্দী মানুষকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শাহীন হায়াত বলেন, আমাদের প্রতিটি সদস্যের ব্রত হলো মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসুদ বলেন, দুর্দশাগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া একটি কঠিন কাজ, কিন্তু সুরক্ষা পরিবারের কর্মীরা অদম্য সাহসে কাজ করে যাচ্ছে। সুরক্ষার উদ্যোক্তা আরমান আলী বলেন, সুরক্ষা কেবল দুর্যোগে ত্রাণ বিতরণ করেই দায়িত্ব শেষ করতে চায় না। আমরা প্রতিটি এলাকাভিত্তিক সমস্যার টেকসই সমাধানে কাজ করছি। এই কার্যক্রমের তদারকির দায়িত্বে ছিলেন ফারুক খান, জনাব আলী, মোহাম্মদ ইয়াসিন, অনিক খান, মো. আলী প্রমুখ। এ কার্যক্রমে শত শত পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











