চন্দনাইশের দোহাজারী পৌরসভা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় নিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রয়ের দায়ে মেসার্স কৃষি ভান্ডার নামে এক বীজ দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, দোহাজারী পৌরসভা সদরে বেশ কয়েকটি বীজ, সার ও কীটনাশক বিক্রয়ের দোকানে নিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রয়ের সংবাদ পেয়ে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বীজ আইন অনুযায়ী মেসার্স কৃষি ভান্ডার নামে একটি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩৫ হাজার টাকার বীজ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, বীজ বুনার সাথে সাথে একজন কৃষক শুধু মাঠ চাষই করে না তার পরিবারের আর্থিক স্বাধীনতার স্বপ্ন বুনেন। আর এই বীজ যদি মান সম্পন্ন না হয়, নিম্নমানের হয় তখন কৃষকের কান্না রোধের আর কোন পথ খোলা থাকে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।












