সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব রেখে আইন সংশোধনের উদ্যোগের কথা সংসদকে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল বুধবার মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা–৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। তিনি বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মত সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতি–নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকরের বিধান রাখার প্রস্তাব রয়েছে। খবর বিডিনিউজের।
গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্বপ্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত করার প্রস্তাবও সংশোধনীতে রয়েছে বলে তথ্য দেন মন্ত্রী।
চট্টগ্রাম–১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশের দিন থেকে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) তা বাস্তবায়ন করা হয়েছে। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্যের কারণে নবম সংবাদপত্র মজুরি বোর্ড পুরোপুরি কার্যকর হয়নি। ওয়েজ বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত কয়েকটি রিট মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে বলে তথ্য দেন তিনি।












