নগরীর চেরাগী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সিও প্রাইভেট কার ফুটপাতে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি রিকশা ও একটি ভ্যান গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৪ জন পথচারী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় আশেপাশের ২০০ থেকে ৩০০ লোক জড়ো হলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং যিনি উক্ত প্রাইভেট কারটি চালাচ্ছিলেন তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়া আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার উপ–পরিদর্শক (এসআই) মমিন ফরহাদ আজাদীকে বলেন, কৃষ্ণা চক্রবর্তী নামে এক নারী প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। তার লাইসেন্স রয়েছে। আমরা তাকে ও তার গাড়িটি থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।












