পটিয়ায় পৃথক অভিযানে ৯০০ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোলাগাঁও ইউনিয়নের বানিগ্রামের আবদুল আজিজ প্রকাশ বাচা (৩৫), হাইদগাঁও সাতগাছিয়া মাজার শরীফ রোড এলাকার রাসেল উদ্দিন (৩৩) ও এনামুল হক হৃদয় (২২), এবং ছনহরা ইউনিয়নের আরব মিয়া (৫৫)।
পুলিশ জানায়, আবদুল আজিজের বিরুদ্ধে চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। অন্যদিকে রাসেল উদ্দিন ও এনামুল হক হৃদয়কে অপরাধ সংঘটনের চেষ্টাকালে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে আরব মিয়ার বাড়ির পেছনে থাকা টিনশেড ঘর থেকে ৯০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় আরব মিয়াকে গ্রেপ্তার করা হলেও ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে যান। তারা হলেন আরাফাত হোসেন (২৬) ও কাউছার মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই ক্য লাহ্ চিং মারমা ও এসআই মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চলন্ত কাভার্ডভ্যান থেকে চুরির মামলার ঘটনায় জড়িত আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে ৯টি মামলা রয়েছে। এদিকে এসআই সমীর ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটি অভিযানে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আরব মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












