বান্দরবানে পারিবারিক আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। একসাথে এসব শিক্ষার্থীরা শিক্ষাজীবন সফলভাবে শেষ করার পর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। গতকাল সোমবার বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ প্রতিশ্রুতি দেন।এদিকে জেলা প্রশাসকের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস। সংস্থা দুটির পক্ষ থেকেও শিক্ষার্থীদের সহায়তার দায়িত্ব নেওয়া হয়েছে। এদিন ঝরে পড়া সেই ৮শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে গ্রাউস। পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্যকোনো কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেলক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষাজীবন শেষ করে, তবে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।











