বান্দরবান ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই : জেলা প্রশাসন

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার বগালেক, কেওক্রাডং ও সুংসাংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারির তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। তিনি জানান, জনগণের বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমপ্রতি বান্দরবানের বিভিন্নস্থানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাবিষয়ক একটি বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এটি ভুয়া ও ভিত্তিহীন। খবর বাসসের।

উল্লেখ্য, গত রোববার বান্দরবান জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখার সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেনের সই করা একটি গণবিজ্ঞপ্তি দেখা যায় ফেসবুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গণবিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সমপ্রতি সীমান্তে একটি সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনা করছে। তাই রুমার বগালেক, কেওক্রাডং ও সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটন গন্তব্য ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলো। বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের পক্ষে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামের একজন সহকারী কমিশনারের স্বাক্ষর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ নিলামে তোলা হয়েছে ফ্রেব্রিক্সসহ ৩৭ লট পণ্য
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার