চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের দ্বিতীয় পর্বে টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে বিসিবি পরিচালক ও ফাইনেন্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তিনি বলেন, দুই বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য, দুই বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রামসহ সারাদেশের লিগগুলো আবার চালু করা। যার মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড়রা উঠে আসতে পারবে। চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব কমিটির আহবায়ক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। মিডিয়া কমিটির আহবায়ক বিপ্লব পার্থর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির চেয়ারম্যান আবদুল হান্নান আকবর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ৩৬ রানে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম সিটি করপোরেশনের খোরশেদ আলমের হাতে পুরস্কার তুলে দেন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ কাজী মোজাম্মেল হক মানিক ও লিটল ব্রাদার্স ক্রিকেট কমিটির সম্পাদক লিয়াকত আলী জসিম। দুপুরে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ২৯ রানে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির শাহরিয়ার আলম মাহির। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ গিয়াসউদ্দিন মাহমুদ হেলাল ও সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহিন।












