কক্সবাজারে চিত্রচিন্তার আলোকচিত্র উৎসব ২০২৬ সম্পন্ন হয়েছে। আলোকচিত্র সংগঠন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের উদ্যোগে গত ১২, ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৭ জন আলোকচিত্রী অংশগ্রহণ করেন।
উৎসব চলাকালে অংশগ্রহণকারীরা রামু, নাজিরারটেক, ইনানী, শামলাপুর, জাহাজপুরা, টেকনাফ ও শাহপরীর দ্বীপসহ কঙবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফটোওয়াকে অংশ নেন। প্রকৃতি, সংস্কৃতি, জীবনযাপন, সমুদ্র উপকূল ও স্থানীয় জনগোষ্ঠীর নানা অনুষঙ্গ তারা ক্যামেরাবন্দি করেন।
প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেমিনার, কর্মশালা, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক আয়োজন ও আড্ডা। উৎসবের আকর্ষণ ছিল ‘চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আলোকচিত্রী আহমেদ রাসেল। আলোকচিত্রে কম্পোজিশন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন আলোকচিত্রী প্রতাপ শেখর মোহন্ত। আলোকচিত্রী কাউছার হানিবের সভাপতিত্বে সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ মকবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কবি মানিক বৈরাগী। উৎসবে নবীন আলোকচিত্রীদের জন্য হাতে–কলমে প্রশিক্ষণ, অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময় এবং সমসাময়িক আলোকচর্চা নিয়ে আলোচনা হয়। উৎসবের আহ্বায়ক ও চিত্রচিন্তার প্রচার সম্পাদক আলোকচিত্রী মনসুরুল আজম বলেন, এই উৎসবে ধারণকৃত আলোকচিত্র নিয়ে আগামীতে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












