আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, জোয়ার ছাড়া নদী যেমন মৃত, তেমনি সংস্কৃতি ছাড়া মানুষও মৃত। নাট্যচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি শক্তিশালী ক্ষেত্র। শিক্ষার্থীদের পাঠ্যজীবনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা প্রয়োজন, কারণ এর মাধ্যমে তারা আত্মবিশ্বাসী, প্রজ্ঞাবান এবং সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে।
তিনি গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন আযোজিত মাসব্যাপী নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রো–ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ঢাকা থেকে আগত নাট্য কর্মশালা পরিচালনাকারী সমন্বয়ক–প্রশিক্ষক আবু হেনা আবিদ জাফর। প্রশিক্ষণার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন সুমাইয়া ইসলাম ও আশেক এলাহী। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মো. মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিভিশনের অতিরিক্ত পরিচালক ও কর্মশালার প্রধান সমন্বয়কারী চৌধুরী গোলাম মাওলা।
প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম ও নাট্যচর্চা আরও জোরদার করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধের সমন্বিত বিকাশের কেন্দ্র। তাই শিক্ষার্থীদের পাঠক্রমের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সংস্কৃতি একটি ব্যাপক বিষয়। সংস্কৃতি মানুষকে সভ্য করে। বর্তমান নষ্ট সময়ে মানুষের মাঝে সাংস্কৃতিক চেতনাবোধ জাগাতে হবে।
প্রশিক্ষক আবু হেনা আবিদ জাফর নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি প্রো–ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, সংস্কৃতির মাধ্যমে সমাজ ও মানুষ বদলাতে হবে। উল্লেখ্য, মাসব্যাপী নাট্য কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক নূরুর রহমান বাচ্চু, ডা. আবু হেনা আবিদ জাফর, অধ্যাপক ইরা আহমেদ, ইঞ্জিনিয়ার আহমদ নাসিমুল হুদা নাওশাদ, তাহসিনুর রহমান তালুকদার, আবৃত্তিশিল্পের শিক্ষক মোস্তাক খন্দকার এবং তারিফ মুরাদ। শেষে নাট্য কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











