বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও সমাপনী আজ। বৃহস্পতিবার বিকেল ৫টায় টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল ষষ্ঠ দিনের খেলায় পুরুষ একক ইভেন্টে সিলেট জেলার রাজিন আহমেদ ২১–১৮, ২৩–২১ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমাকে হারিয়ে চমক দেখিয়েছেন। এছাড়া পুরুষ এককের অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর এসএসএম সিফাত উল্লাহ ২১–১৭, ২১–১২ পয়েন্টে বাংলাদেশ আনসারের শুভ খন্দকারকে, বাংলাদেশ আনসারের মো: সোলাইমান আকিব ২১–১৮, ২১–১৫ পয়েন্টে বিআইইউডব্লিউটিএ’র জাবের আলী কাজীকে এবং বাংলাদেশ আনসারের এসএসএম সিবগাত উল্লাহ ২১–১৬, ২১–১২ পয়েন্টে বিকেএসপির মো. আব্দুলল্লা আল সিয়ামকে পরাজিত করেন। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর মোছা: নাছিমা খাতুন ২১–০৯, ২১–১৩ পয়েন্টে বিআইইউডব্লিউটিএ’র তানজিলা মাহমুদকে, বাংলাদেশ আনসারের যারিন ইকবাল মোহনা ১৪–২১, ২১–৫, ২১–১৬ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর রেহেনা খাতুনকে এবং যশোর জেলার ম্যাথেনা মাধুর্য বিশ্বাস ২১–৮, ২১–১১ পয়েন্টে বাংলাদেশ আনসারের ফারজানা সুলতানা ঐশীকে পরাজিত করেন। পুরুষ দ্বৈত ইভেন্টে সিলেট জেলার মাশহুদ আহমেদ ও নিশান উদ্দিন ২১–১৬, ২১–১৪ পয়েন্টে বাংলাদেশ আনসারের আব্দুল জাহির তানভীর ও গৌরব সিংহকে এবং বাংলাদেশ আনসারের মোয়াজ্জেম হোসেন অহিদুল ও শুভ খন্দকার ২১–১৫, ১৮–২১, ২২–২০ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলার মোয়াজ্জেম হোসেন অহিদুল ও তনয় সাহাকে পরাজিত করেন।












