বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীর রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ায় আবুল কালামের (৩২) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় আবুল কালামের লাশ পাওয়া যায়। এর আগে বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।

আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আবুল কালামের ভাই জিসান বলেন, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হয়ে আবুল কালাম নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বিকেল ৫টার দিকে তার মরদেহ রায়খালী মোহনায় পাওয়া গেছে। আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি সে খাল থেকে মাছ ধরতো। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ আবুল কালামের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‌্যালি ও মানববন্ধন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের জন্য ফুলকির ‘জীবনশৈলী’ কর্মশালা