মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে

বাঁশখালী পৌরসভায় মতবিনিময় সভায় এমপি জহির

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গতকাল বুধবার বাঁশখালী পৌরসভার কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা একটা দায়িত্বে আছেন বলেই মানুষ আপনাদের কাছে আসে, আসবে।

মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে। এমনভাবে সেবা দিতে হবে মানুষ যাতে আপনার মা বাবাকে গালি না দিয়ে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। বাঁশখালী পৌরসভার সার্বিক উন্নয়নে আমি আপনাদের খাদেম হিসেবে সবসময় সহযোগিতা করে যাবো। পৌরসভার উন্নয়নের স্বার্থে আমাকে যেখানে যেতে হয় আমি সেখানে যাবো। আপনারা শুধু আমাকে জানাবেন কোথায় কি করতে হবে, কোথায় যেতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী দুইজনই অভিজ্ঞ রাজনীতিবিদ। বাঁশখালীর উন্নয়নে তারা খালি হাতে ফেরত দিবেন না আশা করি। আমরা সকলে মিলে বাঁশখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবো।

বাঁশখালী পৌরসভার প্রশাসক ও ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের, বাঁশখালী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ডিজেবিলিটি কেয়ারের বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধমির্জাখীল স্কুল অ্যান্ড কলেজের ৯৫ ব্যাচের মিলনমেলা